ইরানের সাথে কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন ‘অনেক সহজ’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, দেশটিতে সামরিক হামলার পর ইরানের সাথে কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আগের চেয়ে ‘অনেক সহজ’ হয়ে গেছে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। আল জাজিরার খবর।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যে এক বছরেরও কম সময়ের মধ্যে আমেরিকা দুটি হামলা চালিয়েছে। অনেক বিশ্লেষকের মতে, এই পদক্ষেপ ওয়াশিংটনের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে, সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প ভিন্ন অবস্থান উপস্থাপন করেছেন।
তিনি বলেছেন, ‘এটি স্পষ্টতই একদিন আগের তুলনায় এখন অনেক সহজ। কারণ তারা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।’ ট্রাম্প আরও দাবি করেছেন যে, ‘মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধের মাত্রা প্রত্যাশার চেয়ে কম ছিল।’ তার ভাষায়, ‘আমরা ভেবেছিলাম এটি দ্বিগুণ হবে।’ মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা এবং আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করেছে যে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই হামলায় নিহত হয়েছেন। আজ রবিবার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে মার্কিন ও ইসরায়েলি হামলার পর খামেনি মারা গেছেন।

