ইরানের চারপাশে মার্কিন সামরিক বাহিনী থাকবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, মার্কিন সামরিক জাহাজ ও বিমান ইরানকে ঘিরে রাখবে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, তেহরান চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও গুলি চালানো শুরু করবে। গতকাল বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প বলেন, যুদ্ধ চুক্তি সম্পূর্ণরূপে মেনে না চলা পর্যন্ত অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ সমস্ত মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী ইরানের ভেতরে ও চারপাশে অবস্থান করবে।
তিনি আরও বলেন, যদি কোনো কারণে তারা তা মানতে ব্যর্থ হয়, তাহলে গুলি চালানো শুরু হবে এবং আগের যেকোনো সময়ের চেয়ে বড়, শক্তিশালী ও বিধ্বংসী হামলা চালানো হবে। এর আগে, গতকাল ইরান জানায় যে, লেবাননে ইসরায়েলের বিধ্বংসী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া অযৌক্তিক হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের মতপার্থক্য দেখা গেছে। ট্রাম্প দাবি করেছেন যে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন যে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে।

