ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত
সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ সময় ওই নারীসহ আরও দুজন আহত হন। আজ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলা মোড় মহল্লায় এই ঘটনা ঘটে।
আহত শাহাদাত খান সাভার পৌরসভার ব্যাংক টাউন পাগলা মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। আহত অন্যরা হলেন ভুক্তভোগী এবং তার বাবা।
ভুক্তভোগী বলেন, আমি একটি বোতল কারখানায় কাজ করি। কাজ শেষে বাড়ি ফিরছিলাম। সেই সময় ব্যাংক টাউনের পাগলা মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক আমাকে ইভটিজিং করে। পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সেই সময় শাহাদাত ভাই তাদের ইভটিজিং থেকে নিষেধ করেন। তারপর আমরা সবাই বাড়ির দিকে রওনা হই। ফেরার পথে আইয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন আমাদের উপর হামলা চালায়। এ সময় শাহাদাত ভাইকে মারধর শুরু করে এবং ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এই ঘটনায় আমার বাবা ও আমি আহত হই।
শাহাদাত খান বলেন, কিছু লোক একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। আমি এই ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে। অন্যদিকে, অভিযুক্ত আইয়ুব খান বলেন, আমি শুনেছি কিছু লোক আমার ছেলেকে মারধর করছে। তাই আমি ঘটনাস্থলে এসেছি। সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

