আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে ‘সঙ্কট প্রতিক্রিয়া’ দল পাঠাচ্ছে

অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে একটি ‘সঙ্কট প্রতিক্রিয়া’ দল পাঠিয়েছে। ক্যানবেরা এই অঞ্চলে সামরিক সরঞ্জামও মোতায়েন করেছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অ্যান্থনি আলবানিজ বলেছেন যে, সম্ভাব্য জরুরি অবস্থার প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। তিনি অস্ট্রেলিয়ান পার্লামেন্টকে জানিয়েছেন যে, সরকার ইতিমধ্যেই এই অঞ্চলে ছয়টি সংকট প্রতিক্রিয়া দল পাঠিয়েছে।
আলবানিজ বলেছেন, “আমরা এই সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।” তবে, তিনি এই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রদান করেননি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে যে দুটি অস্ট্রেলিয়ান সামরিক বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।