জাকার্তার ড্রোন কোম্পানির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ জন নিহত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাকার্তার কেমায়োরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবনটি ড্রোন তৈরিতে ব্যবহৃত হত। নিউজ এপি
ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন পুরুষ এবং ১৫ জন মহিলার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগুন কীভাবে শুরু হয়েছিল তা তদন্ত করা হচ্ছে।
দেশের দমকল কর্মকর্তারা জানিয়েছেন যে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ভবনের প্রথম তলায় স্টোরেজ এবং পরীক্ষার জন্য ব্যবহৃত ড্রোন ব্যাটারি থেকে স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ২৯টি দমকলের গাড়ি এবং শতাধিক কর্মী আগুন নেভাতে অংশ নেন। তিন ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
আগুন লাগার সময় ভবনের অনেক শ্রমিক দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। তবে, ভবনের ভেতরে ১৯ জন ছাদে উঠে পালিয়ে যান। দমকলকর্মীরা জরুরি মই ব্যবহার করে একে একে নামিয়ে আনেন। ঘন কালো ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ পূর্ব জাকার্তার পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুড়ে যাওয়া ভবনটি ড্রোন প্রযুক্তি সরবরাহকারী টেরা ড্রোন ইন্দোনেশিয়ার বিক্রয় ও রক্ষণাবেক্ষণ অফিস হিসেবে ব্যবহৃত হত। সংস্থাটি নির্মাণ, খনি, তেল ও গ্যাস, জ্বালানি, কৃষি এবং নগর পরিকল্পনা সহ বিভিন্ন শিল্পে ড্রোন পরিষেবা প্রদান করে।
পুলিশ এবং দমকল কর্তৃপক্ষ আগুনের সঠিক কারণ তদন্ত করছে। ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় টেলিভিশনকে বলেন, “হঠাৎ ব্যাটারিটি শর্ট সার্কিট হয়ে যায় এবং বিস্ফোরিত হয়। উপরের তলায় থাকা আমাদের মধ্যে কয়েকজন ছাদে উঠে পালানোর চেষ্টা করে।”

